উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার মুহূর্তে কোনো আয়কর দিতে হয় না। তবে এই সম্পত্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার আয়কর বিবরণী (Tax Return)-তে সঠিকভাবে প্রদর্শন করতে হবে।
অনেকের মনেই প্রশ্ন থাকে—বাবা-মা বা পূর্বপুরুষের কাছ থেকে জমি, বাড়ি বা ফ্ল্যাট উত্তরাধিকার সূত্রে পেলে তার ওপর কি কোনো আয়কর (Income Tax) দিতে হয়?
উত্তর হলো: না, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার মুহূর্তে কোনো আয়কর দিতে হয় না।
তবে এই সম্পত্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার আয়কর বিবরণী (Tax Return)-তে সঠিকভাবে প্রদর্শন করতে হবে।
১. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ওপর কি কর প্রযোজ্য?
সম্পত্তি প্রাপ্তির সময়: বাংলাদেশ আয়কর আইন অনুযায়ী, উত্তরাধিকার বা হেবা সূত্রে কোনো সম্পত্তি লাভ করলে তা ‘আয়’ হিসেবে গণ্য হয় না। তাই সম্পত্তি নিজের নামে হস্তান্তরের সময় কোনো আয়কর দেওয়া লাগে না।
পরবর্তী আয়ের ক্ষেত্রে: কিন্তু ওই সম্পত্তি থেকে যদি ভবিষ্যতে কোনো আয় হয় (যেমন: বাড়ি ভাড়া বা জমি থেকে অর্জিত আয়), তবে সেই আয়ের ওপর নিয়মিত হারে আয়কর দিতে হবে।
সম্পত্তি বিক্রির ক্ষেত্রে: ভবিষ্যতে যদি এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করা হয়, তবে মূলধনি লাভ (Capital Gain) অর্জিত হলে সেটির ওপর নিয়ম অনুযায়ী মূলধনি আয়কর (Capital Gains Tax) প্রযোজ্য হবে।
২. আয়কর রিটার্নে এই সম্পত্তির এন্ট্রি কোথায় এবং কীভাবে দেবেন?
উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি রিটার্নে দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনার মোট সম্পদের প্রকৃত বিবরণ সঠিক রাখা। রিটার্ন ফরমে নিচের স্থানগুলোতে এটি এন্ট্রি করতে হবে:
আইটি-১০বি (IT-10B) বা পরিসম্পদ ও দায়ের বিবরণী (Statement of Assets and Liabilities):
আপনি যদি জমি, বাড়ি বা ফ্ল্যাট পান, তবে তা অকৃষি সম্পত্তি (Non-Agricultural Property) বা কৃষি সম্পত্তি (Agricultural Property) অংশে এন্ট্রি করতে হবে।
টাকার পরিমাণ/মূল্য (Cost Value): যেহেতু সম্পত্তিটি আপনি কিনেছেন না বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তাই এর ক্রয়মূল্যের ঘরে অনেকে ‘Nil’ (শূন্য) লিখে।পূর্বে দলিলে মূল্য লেখা থাকত না। সেই দৃষ্টিকোন থেকে তখন শূন্য বসানো হলেও এখন এমন সুযোগ নেই। আপনি দলিলমূল্য লিখবেন এবং যদি স্থাপনা থাকে বা উন্নয়নমূলক কাজের জন্য মূল্য বেশি হয় তবে সেটি উল্লেখ করবেন। দাম সঠিক ভাবে নিরুপন না করে দিলে ভবিষ্যৎ জটিলতা তৈরী হতে পারে।
আইটি-১০বিবি (IT-10BB) / আয়ের উৎস ও তহবিল উৎস (Source of Fund):
সম্পদ বৃদ্ধির উৎস দেখানোর জন্য রিটার্নের বিবরণী অংশে Source of Fund এর other source এর ঘরে পরিষ্কারভাবে উল্লেখ করুন: “Inherited from [পূর্বপুরুষের নাম] via Deed/Mutation No…” (অর্থাৎ, কার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন এবং নামজারি/দলিল নম্বর) এবং মূল্যের অংক বসাবেন।
মনে রাখার মতো বিষয়:
সম্পত্তি যতক্ষণ নিজের নামে না হবে শুধু ভোগদখলে থাকলে সেটি সম্পদের ঘরে বসবে না।
সম্পত্তির নামজারি (Mutation) সম্পন্ন করে দলিল, খতিয়ান ও নামজারির কপির মতো প্রয়োজনীয় কাগজপত্র নিজের কাছে সংগ্রহে রাখুন, যাতে কর কর্মকর্তা দেখতে চাইলে তা প্রদর্শন করা যায়।
কোনো নগদ অর্থ উত্তরাধিকার সূত্রে ব্যাংক অ্যাকাউন্টে এলে ব্যাংকের স্টেটমেন্ট বা বিবরণী প্রমাণ হিসেবে সংরক্ষণ করুন।